রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের জায়গা খুঁজে পেয়েছে তল্লাশি দল

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের জায়গা খুঁজে পেয়েছে তল্লাশি অভিযান চালানো দলটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনাস্থল শনাক্ত করা গেছে। তবে পরিস্থিতি ভালো নয়।’

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি প্রেসিডেন্ট রাইসির। খোঁজ মেলেনি তাঁর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের। তাঁদের সন্ধানে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এ অভিযানে সহায়তা করছে তুরস্ক। দেশটি ড্রোন পাঠিয়েছে দুর্ঘটনাস্থলে।

তুরস্কের পর এবার এগিয়ে এসেছে রাশিয়া। দেশটি দুর্ঘটনাস্থলে উড়োজাহাজ ও উদ্ধারকারী দল পাঠাবে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএর বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের যে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে শিগগিরই বিশেষ উড়োজাহাজ ও ৫০ জন পেশাদার উদ্ধারকারীদের একটি দল পাঠাবে রাশিয়া। এই উদ্ধারকারীরা দুর্গম পাহাড়ে উদ্ধারকাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার পাঠানো হেলিকপ্টারটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছবে বলে জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ। তিনি বলেন, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেখান থেকে রুশ হেলিকপ্টার দুই কিলোমিটার দূরে রয়েছে।

আইআরএনএ নিউজ বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, রাইসি কী ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: