গাজায় একদিনে ৭৪ ফিলিস্তিনি নিহত, ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হামাস

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে বুধবার অন্তত ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে।

হামাস জানায়, যুদ্ধবিরতির আলোচনা এখনো ‘কঠিন’ পর্যায়ে রয়েছে, কারণ ইসরায়েল ‘একগুঁয়েমি’ আচরণ করছে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে।

এর আগে ২৪ ঘণ্টা ব্যবধানে গত সোমবার ও মঙ্গলবার দুই দফা বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি বলেন, ‘এই সপ্তাহ বা পরের সপ্তাহে একটি চুক্তি হতে পারে, কবে নিশ্চিত কিছু নয়।’

এরই মধ্যে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার হামলায় ৭৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ পয়েন্টে খাদ্য সহায়তা আনতে গিয়ে নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা প্রায় ৮০০।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের টানা হামলায় গাজায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত ১ লাখ ৩৭ হাজারের বেশি।