আনুষ্ঠানিক ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অবশেষে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে চলা তিনটি দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহু ক্ষমা প্রার্থনা করে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে।

আজ রোববার এক বিবৃতিতে হারজগের কার্যালয় বলেছে, ‘প্রেসিডেন্টের কার্যালয় অবগত আছে যে, এটি একটি অস্বাভাবিক অনুরোধ, যার তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। প্রাসঙ্গিক সকলের মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে, আন্তরিকতার সাথে এই অনুরোধটি বিবেচনা করবেন।’ 

উল্লেখ্য, ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক দুর্নীতি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটিতে উপহার হিসেবে কয়েক লাখ ডলার গ্রহণ করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। তিনি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোতে তাঁকে ক্ষমা করে দিতে প্রেসিডেন্ট হারজগকে চাপ দিচ্ছিলেন। এই প্রেক্ষাপটে এবার হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। 

চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট হারজগকে একটি চিঠিও পাঠিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে অনুরোধ জানান। এর আগে অক্টোবরে ইসরায়েলের সংসদে দেওয়া এক ভাষণেও ট্রাম্প দুর্নীতির মামলাগুলো থেকে নেতানিয়াহুকে মুক্তি দিতে হারজগকে আহ্বান জানান।

উল্লেখ্য, জার্মানির হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) নেতানিয়াহু একজন আসামি হিসেবে তালিকাভুক্ত। গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

প্রসঙ্গত, গাজায় ফিলিস্তিনিদের ওপর ২০২৩ সালের অক্টোবর থেকে চলছে ইসরায়েলি আগ্রাসন। এতে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

তথ্যসূত্র: আল জাজিরা