অস্ত্র জমা দেওয়া ও আলেপ্পো ছাড়ার নির্দেশ দিলেও তা মানতে নারাজ কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধারা। আলেপ্পোর যেসব এলাকায় লড়াই চলছে সেখান থেকে এসডিএফ যোদ্ধাদের সরিয়ে নিতে প্রায় ৫০টি বাস পাঠানো হলেও সেগুলো যোদ্ধাদের ছাড়াই ফিরে যায়।
বার্তা সংস্থা আল জাজিরা জানায়, আলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় এসডিএফকে লক্ষ্য করে আক্রমণের বিষয়ে সতর্ক করা হলেও তারা সেনাবাহিনীকে প্রতিরোধ করার সিদ্ধান্তে অনড় থাকে। এমন পরিস্থিতিতে আলেপ্পোয় এসডিএফদের লক্ষ্য করে হামলা শুরু করেছে সরকারি বাহিনী।
তিনদিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর সংঘাত বন্ধে সম্মত হয় সিরীয় সরকার। গতকাল শুক্রবার এসডিএফের সঙ্গে যুদ্ধ বিরতির ঘোষণা দেয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা প্রশাসন। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয়। কিন্তু যুদ্ধবিরতি মেনে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায় এসডিএফ। এরপরই ফের হামলা জোরদার করে সরকারি বাহিনী।
এদিকে দুই পক্ষের সংঘর্ষের কারণে বাধ্য হয়ে আলেপ্পার বিভিন্ন এলাকা ছেড়েছে কয়েক লাখ মানুষ। বাস্তুচ্যুত প্রায় ১ লাখ ৪০ হাজার নাগরিককে সহায়তার জন্য ৬৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রণালয়। যুদ্ধ পরবর্তী পুনরুদ্ধার ও মানবিক সহায়তার জন্য সিরিয়াকে ৭২২ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।