ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর দেশটির অন্তর্বর্তীকালীন নেতৃত্বদানকারী পরিষদ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেন, ‘অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ কাজ শুরু করেছে…ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনি যে পথ দেখিয়েছেন, আমরা সর্বশক্তি দিয়ে সেই পথেই এগিয়ে যাব।’
তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সামরিক বাহিনী ‘শত্রুর ঘাঁটিগুলোকে কঠোরভাবে গুঁড়িয়ে দেবে।’
এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব সামাল দিতে আজ তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করে ইরান। রোববার শক্তিশালী সাংবিধানিক তদারকি সংস্থার সদস্য আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে অস্থায়ী পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিষদের অন্য দুই সদস্য হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি-এজেই।
ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী, ৮৮ সদস্যের একটি প্যানেল — যাকে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বলা হয় — সেই প্যানেল নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এই অন্তর্বর্তী পরিষদ দেশ পরিচালনা করবে। প্রায় ৩৭ বছর ধরে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন খামেনি।
সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ দায়িত্ব পালন করলেও অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে ‘যত দ্রুত সম্ভব’ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে।