তেহরানে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত

চলমান সংঘাতে ইসরায়েল ও আমেরিকার হামলার মধ্যে ইরানের তেহরানে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদ।

আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়,তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশের পর ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো তেহরানের আরগ স্কোয়ারে প্রাসাদের কাছে একটি বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। কাজার রাজবংশের সময় গোলেস্তান প্রাসাদ ইরানের রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহার করা হতো।

গত শনিবার থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সোমবার জানান ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে এদিন জানান তিনি। তবে এক পর্যায়ে ট্রাম্প ফের বড় ধরনের হামলার হুমকি দেন। কঠোর বার্তা দিয়েছে ইরানও। দেশটি বলছে, তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যাবে না।

এদিকে, ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ করে হামলা করছে ইসরায়েল।