আমেরিকা ও ইসরায়েলের চলমান হামলার মধ্যে ইরানে সরকার উৎখাতের চেষ্টা করলে তা জনসমর্থন পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওয়াং ই বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবিও জানান তিনি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এটি এমন এক যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না। আর এটি কারও কোনো উপকারও করছে না। বলপ্রয়োগ কোনো সমাধান নয় মন্তব্য করে তিনি আরো বলেন, সশস্ত্র সংঘাত শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। একইসাথে সব পক্ষকে দ্রুত কূটনৈতিক সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে সৌদি আরব সফরে গেছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুন। উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেইজিং রিয়াদের সাথে কাজ করতে ইচ্ছুক এবং এ ব্যাপারে ন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।