মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সংঘাত শুরুর পর এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হয়। প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা করছে ইরান। এতে হতাহতের ঘটনা ঘটছে প্রতিদিনই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, তারা মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের সরানোর উদ্দেশে গঠিত একটি টাস্ক ফোর্সের মাধ্যমে ৩০ হাজার মানুষকে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্র আমেরিকানদের এই অঞ্চল থেকে সরিয়ে নিতে দুই ডজনেরও বেশি চার্টার ফ্লাইট চালিয়েছে। এর বাইরে অনেক আমেরিকান বাণিজ্যিক বিমানে রওনা হয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, মধ্যপ্রাচ্য থেকে চার্টার ফ্লাইট এবং স্থল পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমেরিকান নাগরিক সহায়তার জন্য অনুরোধ করলে তারা সহায়তা করবেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার শিগগিরই যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও বলেছেন, এ সপ্তাহে যুদ্ধ থামছে না। অবশ্য ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কঠোর বার্তা অব্যাহত রেখেছ ইরান। সব পক্ষের হামলাই অব্যাহত রয়েছে।