‘আমরা ভূগোল বদলে ফেলতে পারি না’ – ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়ে দিয়েছেন, ইরানে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার কোনো প্রচেষ্টাতেই দোহা জড়িত নয়। তবে ইরানের সঙ্গে সম্পর্কও নষ্ট হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। 

গত বছরের জুনে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের আগে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী ছিল কাতার।

কিন্তু এবার কেন মধ্যস্থতায় রাজি নয় কাতার? এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি শুধু বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো দেশের ওপর হামলা বন্ধ করা এবং মাতৃভূমিকে রক্ষা করা।’

তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরব দেশগুলোর ওপর যে হামলা চালিয়েছে ইরান, এরপর ইরানের সঙ্গে কাতার আর স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবে কি না - এমন প্রশ্নের জবাবে মাজেদ আল-আনসারি বলেছেন, ‘হ্যাঁ, আমরা ভূগোল বদলে ফেলতে পারি না।’