কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় আজ বুধবার সকালে এ হামলা হয়।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সকালে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এর মধ্যে দুটি মিসাইল প্রতিহত করতে সমর্থ হয় তাদের সেনারা। কিন্তু একটি মিসাইল তেলের ট্যাংকারে আঘাত হানে।
হামলার শিকার হওয়ার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল। হামলার সময় এতে ২১ জন ক্রু ছিলেন। যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কাতার এনার্জি এক বিবৃতিতে জানায়, তাদের অ্যাকুয়া-১ অপরিশোধিত তেল ট্যাংকারটি আজ সকালে ‘কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায়’ মিসাইল হামলার শিকার হয়। কিন্তু এতে ট্যাংকারের কোনো ক্রু আহত হননি এবং জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে না পড়ায় পরিবেশে এর কোনো প্রভাব পড়েনি।