ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, লেবানন তার অন্তর্ভুক্ত হবে না বলে জানিয়েছে ইসরায়েল। তারা বলছে, চুক্তি অনুযায়ী ইরানে হামলা বন্ধ থাকবে, তবে লেবাননে আগের মতোই যুদ্ধ চলতে থাকবে।
হরমুজ প্রণালি খুলে দেওয়াসহ বেশ কয়েকটি শর্তে স্থানীয় সময় মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে আমেরিকা ও ইসরায়েল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পাশাপাশি হোয়াইট হাউসের পক্ষে ইসরায়েলের চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে ইরানের সঙ্গে হওয়া চুক্তির আওতায় লেবানন পড়বে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করে, এই শর্তে যে, ইরান অবিলম্বে প্রণালিগুলো খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করবে।
এতে বলা হয়, ইরান যেন আমেরিকা, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য আর কোনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে– তা নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টাকেও ইসরায়েল সমর্থন করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে যে, আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইসরায়েলের আঞ্চলিক মিত্রদের দ্বারা নির্ধারিত এই লক্ষ্যগুলো অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও আমেরিকা। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরানও। পাশাপাশি ইরানের পক্ষে ইসরায়েলে এক পর্যায়ে হামলা শুরু করে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এর প্রেক্ষিতে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল।