হরমুজে কি জাহাজ চলছে?

ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে কতগুলো জাহাজ চলাচল করতে পারছে, তা স্পষ্ট নয়। সংকীর্ণ এ সমুদ্রপথটি আসলেই কতটা খোলা রয়েছে, তা নিয়েও পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। বিবিসি এসব তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, লেবাননে ইরানের মিত্রদের ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলার পর প্রণালিটি এখনও বন্ধ রয়েছে।

ইরানের দুটি গণমাধ্যম একটি জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে পানামা পতাকাবাহী একটি জাহাজ প্রণালির দিকে এগিয়ে গিয়েও পরে ফিরে গেছে। তারা ক্যাপশনে লিখেছে, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে তেলবাহী ট্যাংকারগুলোকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট তার ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, প্রণালি বন্ধ থাকার যেকোনো খবর ভুয়া, বরং সেখানে জাহাজ চলাচল বেড়েছে।

লেভিট আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ‘অগ্রহণযোগ্য’ ভুয়া প্রতিবেদনের বিষয়ে অবগত আছেন এবং মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে পথটি বাস্তবে খোলা রয়েছে।

এদিকে, বাণিজ্যিক জাহাজ ব্রোকার এসএসওয়াই বিবিসি ভ্যারিফাইকে ইসলামিক রেভ্যুলশনারি গার্ড আইআরজিসির কাছ থেকে বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, হরমুজ প্রণালি এখনও বন্ধ রয়েছে এবং এই পথে চলাচলের জন্য বিপ্লবী গার্ডের অনুমতি প্রয়োজন।  অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হবে।