লেবাননের ১৪ শতাংশ ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করল ইসরায়েল

লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর আগে এমন পদক্ষেপ নিয়েছে তেল আবিব। 

গতকাল বুধবার দক্ষিণ লেবাননে বাসিন্দাদের ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে চরম শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। 

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের তরফ থেকে এটিই সবচেয়ে বড় এলাকা খালি করার নির্দেশ, যা লেবাননের প্রায় ১৪ শতাংশ ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে।

ইসরায়েলের উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলার পর গত সোমবার লেবাননে হামলা জোরদারের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।