কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, আহত অর্ধশতাধিক

কাতারের রাস লাফানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ শিল্প কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাতারের জ্বালানি মন্ত্রণালয় জানান, এলএনজি কারখানায় দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬৬ জন। তবে স্থাপনাটি থেকে কোনো গ্যাস বা রাসায়নিক লিক হয়নি যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাস লাফান শিল্প নাগরীতে এই ‘অভ্যন্তরীণ বিস্ফোরণের’ পর নিখোঁজদের সন্ধানে ‘কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ’ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ স্থাপনায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এই শিল্প নগরীর দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, বারজান কারখানায় বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। এরপর তারা কারখানার আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।