হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দুই মার্কিন কর্মকতার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, পণ্যবাহী একটি জাহাজের ডান দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। হামলায় জাহাজটির চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।
হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। হামলার জেরে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং তাতে অবস্থানরত ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল।
এদিকে, নতুন করে হামলার পর বিশ্ব বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম বেড়েছে ৪ শতাংশ। সেইসাথে দরপতন হয়েছে এশিয়ার শেয়ার বাজারে।