ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে আমেরিকা। দেশটির অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ আল জাজিরার লাইভে এসব তথ্য জানানো হয়েছে।
ইরানের আহভাজ শহরের উপকণ্ঠে মার্কিন হামলায় ওই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইআরএনএ।
খুজেস্তানের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেছেন, ইসরায়েল-মার্কিন সরকার ভোররাতে আহভাজের উপকণ্ঠের একটি স্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে মঙ্গলবার হামলা চালায় আমেরিকা, পরে বুধবারে আবারও হামলা চালায় তারা। হামলার পর ইরানের আব্বাস বন্দর, সিরিকসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দর নগরী চাবাহারেও। সেখানে হামলার পর বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।
এ ছাড়া ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানকার পারমাণবিক স্থাপনা অক্ষত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেন্টকম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার হুমকি ইরানি ক্ষমতা দুর্বল করতেই এই অভিযান।