আমেরিকার ‘অপকর্ম বন্ধ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ার দিয়েছে বলে আজ বুধবার আল জাজিরা জানিয়েছে।
আইআরজিসি বলছে, আমেরিকার অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। নিজেদের পরাজয় ও অক্ষমতা আড়াল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ‘আইন অমান্যকারী জাহাজকে আঘাত করার অজুহাতে’ ইরানের ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই জাহাজগুলো মূলত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করছিল।
বিবৃতিতে বলা হয়, কোনো জাহাজই ইরানের অবরোধ লঙ্ঘন করার বা যুক্তরাষ্ট্রের সঙ্গ দেওয়ার সাহস দেখায়নি। তাই স্বাভাবিকভাবেই, তাদের পক্ষে কোনো হামলার ঘটনা ঘটেনি।
এদিকে ইরানে অন্তত সাত ঘণ্টাব্যাপী হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোনঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার খবরও পাওয়া গেছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা হামলা প্রতিহত করেছে।