ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জরুরি সেবা বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযোগ তুলেছেন।
বিষয়টিকে যুদ্ধবিরতির চূড়ান্ত লঙ্ঘন বলে মন্তব্য করেছে লেবানন। তবে এবিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি সামরিক বাহিনী- আইডিএফ।
উল্লেখ্য, মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চরের খিয়াম এলাকার বাইরের একটি বনাঞ্চলে ইসরায়েলি বাহিনী ফ্লেয়ার বা অগ্নিগোলক নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদের লক্ষ্য করে আইডিএফ ড্রোন হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে।
পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নাবাতিয়েহ অঞ্চলের সিভিল ডিফেন্সের প্রধান জানান, ইচ্ছাকৃতভাবে লাগানো এই আগুনে বিশাল এলাকার বন পুড়ে ছাই হয়ে গেছে। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও ধারনা করা হচ্ছে, যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকাগুলোর ৩০ থেকে ৪০ শতাংশ জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।