সিরিয়া ইস্যুতে তুরস্ককে নেতানিয়াহুর সতর্কবার্তা

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না, যা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করে।

নেতানিয়াহু বলেন, বার্তাটি পৌঁছে দেওয়া হলেও তুরস্ক তাতে গুরুত্ব দেয়নি। তাই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝানোর ব্যবস্থা করা হয়েছে। 

নেতানিয়াহুর এই সতর্কবার্তার একদিন আগে উত্তর-পশ্চিম সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এই ঘাঁটিটি নিয়ে তুরস্কের সামরিক তৎপরতার অভিযোগ উঠেছিল। হামলায় সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৪ আগস্ট সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের মোসাদ প্রধান রোমান গোফম্যানের ফোনাআলাপে সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি উঠে আসে।