ইরানপন্থীদের কাছে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইয়েমেন

একের পর এক এলাকা দখল করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মোখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর এখন তারা পুরো ইয়েমেনের দখল নিতে চাইছে। এমনটাই দাবি করেছেন ইয়েমেনের নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা। তাঁর মতে, নিজেদের লক্ষ্য অর্জনে চাপ তৈরির সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে শক্তি প্রয়োগের পথই বেছে নিয়েছে হুতিরা।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা থেকে শুরু করে ইয়েমেনের কৌশলগত অঞ্চল দখল—হুতিদের তৎপরতা এখন আর শুধু অভ্যন্তরীণ সংঘাতে সীমাবদ্ধ নেই।

লোহিত সাগরের বন্দরনগরী মোখা ও বাব আল-মান্দেব প্রণালির মুখের মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ তাদের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে।

এ বাস্তবতায় বিশ্লেষকদের ধারণা, হুতিদের লক্ষ্য শুধু ভূখণ্ড দখল নয়; বরং পুরো ইয়েমেনের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সরকার হিসেবে স্বীকৃতি আদায় করা।

ইয়েমেনের নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা বলেন, ‘হুতিদের লক্ষ্য শুধু সামরিকভাবে ভূখণ্ড দখল করা নয়। সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি দেশের প্রাকৃতিক সম্পদ, আকাশসীমা ও সমুদ্রবন্দরও নিজেদের নিয়ন্ত্রণে চায় তারা। এরপর ইয়েমেনের অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনায় যেতে পারে। সৌদির কাছ থেকে সরকার হিসেবে স্বীকৃতিও হুতিদের অন্যতম লক্ষ্য।’

সংঘাতের ক্ষয়ক্ষতির জন্য সৌদি আরবের কাছ থেকে অর্থ ও পুনর্গঠন সহায়তাও দাবি করতে পারে হুতিরা। এতে রিয়াদের জন্য তৈরি হতে পারে নতুন কূটনৈতিক চাপ।

মোহাম্মদ আল-বাশা বলেন, ‘সৌদি আরব তাদের ক্ষতিপূরণ দিতে রাজি হলে, পরবর্তীতে হুতিরা আর কিছু দাবি করবে না—তার নিশ্চয়তা নেই। আর এই পরিস্থিতিই সৌদি নেতৃত্বের জন্য অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

হুতিদের সক্ষমতা বৃদ্ধিতে ইরানের অস্ত্র ও সহায়তা গুরুত্বপূর্ণ হলেও, তাদের সব সিদ্ধান্ত তেহরান নিয়ন্ত্রণ করে না বলে মনে করেন বিশ্লেষকরা।

মোহাম্মদ আল-বাশা বলেন, ‘হুতিদের ওপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ইরান তাদের পরামর্শ দিতে ও বিভিন্ন পদক্ষেপে চাপ বা উৎসাহ দিতে পারে। কিন্তু সংগঠনটির সব সিদ্ধান্ত সরাসরি ইরান নিয়ন্ত্রণ করে না। এমনকি ইরানের সমর্থন ছাড়াও হুতিরা টিকে থাকতে সক্ষম।’

ফলে হুতিদের সামরিক সক্ষমতা, রাজনৈতিক স্বীকৃতির আকাঙ্ক্ষা ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য দর-কষাকষি ইয়েমেনের ভবিষ্যতের পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও তৈরি করছে নতুন সমীকরণ।