ইরানের সামনে দুই পথই খোলা: ট্রাম্প

ইরান ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেছেন ইরান ও মার্কিন কর্মকর্তারা। তাদের মধ্যে বৈঠক ভালো ও ফলপ্রসূও হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ৩ ঘণ্টার একটি বৈঠক হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শিগগিরই আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দফার আলোচনা কোথায় হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

ইরানের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি বলেন, ইরানের সামনে সম্ভাব্য উন্নতি অথবা ধ্বংস এই দুই ধরনের পথ খোলা রয়েছে।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরান রিপাবলিকান পার্টির নির্বাচনী ফল দেখার জন্য অপেক্ষা করছে।