ইয়েমেনে ৮ ঘণ্টার লড়াইয়ে ১৬ হুতি যোদ্ধা নিহতের দাবি

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে সরকারি বাহিনীর মিডিয়া সেন্টার জানায়, তাইজের আল শাকাব ফ্রন্টের পূর্ব ও পশ্চিমাঞ্চলে হুতিদের একটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, আক্রমণের তীব্রতা সত্ত্বেও হুতিরা কোনো ভূখণ্ড দখল করতে ব্যর্থ হয়েছে। তবে, নিজেদের সেনা হতাহতের তথ্য প্রকাশ করেনি মিডিয়া সেন্টার।

আল-শাকাব এলাকা তাইজে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক অভিযান জোরদারের মধ্যেই তাইজ প্রদেশে এই নতুন লড়াইয়ের ঘটনা ঘটল।