ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বল এখন ওয়াশিংটনের কোর্টে বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, তেহরান নিজেদের দাবি জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে। তবে মার্কিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পায়নি ইরান।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী বর্তমান পরিস্থিতি থেকে বের হতে চায় ইরান। তবে তা শুধু আলোচনার মাধ্যমে নয় বরং টেকসই প্রতিরোধ ক্ষমতা গড়ার মধ্য দিয়েও সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন গালিবাফ।
যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের আস্থার সংকট এবং তেহরানের কাছে ওয়াশিংটনের অতিরিক্ত দাবিই ইরানের সঙ্গে চুক্তির পথে মূল বাধা বলে মন্তব্য করেন গালিবাফ।
অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে সকল মার্কিন ঘাটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি। এছাড়া, ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দেন মোহসেন।