বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামোতে হামলার অভিযোগ করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এদিকে, পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে ইরান।

দেশটির সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। যুদ্ধবিমানের কাছাকাছি ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয় বলেও দাবি করা হয়েছে। এরপর পাইলট অভিযান বাতিল করে কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন।

তবে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী।