আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা। একই সঙ্গে ইরাককে ওয়াশিংটনের নীতির হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা দিয়েছে তেহরান।
শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত ইরানের বাহিনী। যে স্থান থেকে ইরানে হামলা হবে, সেটিই তাদের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান হেইদারি। দাবি করেন, ভৌগলিক অবস্থান ও হরমুজের কৌশলগত গুরুত্ব দেশটিকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে।
এদিকে, প্রতিবেশী ইরাককেও সতর্ক করেছে তেহরান। সীমান্ত ইস্যুতে বাগদাদ যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ার হয়ে না ওঠে তা নিয়ে সতর্কবার্তা দেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার।
সম্প্রতি ইরাকের বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করার কয়েকদিন পরই এ সতর্কবার্তা এলো।
এর আগে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির তেল পাচার বন্ধ, দুর্নীতি দমন এবং অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নেয়ার উদ্যোগের প্রশংসা করেন ট্রাম্প।
এরইমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে, তবে আমেরিকায় নয়– ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে রোমে অবস্থিত ইরানি দূতাবাস সতর্ক করে বলেন, আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রের পাল্লাই মূল বিষয় নয়; সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো বৈধ পথই বিবেচনার বাইরে রাখা হবে না বলেও সতর্ক করেছে তেহরান।