মার্কিন সামরিক বাহিনীর চুরি করা দুটি তেলের ট্যাঙ্কার উদ্ধারের দাবি করেছে ইরানি নৌবাহিনী। এছাড়া, হরমুজে মাইনের আঘাতে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এদিকে, কুয়েতে প্রাণঘাতী হামলার ঘটনাকে সন্দেহজনক অভিহিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুইটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি জানিয়েছে তেহরান।
অন্যদিকে, কুয়েতে প্রাণঘাতী হামলার ঘটনাকে সন্দেহজনক অভিহিত করে যুদ্ধের জন্য এটি যেন আগে থেকেই সাজানো পরিকল্পনা বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।এসময়, শান্তি আলোচনায় পৌঁছাতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘নির্দিষ্ট অর্থে বলতে গেলে, কিছু প্রস্তাব উঠে এসেছে। আমার মনে হয়, সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে আমাদের মূল উদ্বেগের জায়গাটি অপরিবর্তিত রয়েছে। আমাদের কিছু দাবি রয়েছে- এই দাবিগুলো পূরণ হতে হবে। তবেই হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব হবে এবং আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়া যাবে।’
কুয়েতি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে যাওয়া ইরানি ড্রোন প্রতিহতের সময় ধ্বংসাবশেষের আঘাতে ২ ইতালীয় নাগরিক নিহত হয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ নয়, ইউরোপের জন্যও তা বিপদ ডেকে আনতে পারে।
এসময়, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত না হলে কী ভয়াবহ পরিণতি হতে পারে তা নিয়েও সতর্ক করেন ট্রাম্প। তার দাবি, ইসরায়েল এবং পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইরান।
যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার তেলের ওপর নির্ভরশীল নয় উল্লেখ কোরে ট্রাম্প আরও বলেন, ওয়াশিংটনের যা প্রয়োজন, তা হল ওই অঞ্চলে শান্তি।


