হরমুজে নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের 

হরমুজ প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির উপকূলের কাছে মাছ ধরার নৌকাটিতে হামলা চালানো হয়। তিন আরোহী ছিলেন ওই নৌকায়।

হামলার পর উদ্ধারকারীরা নৌকাটির মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। নৌকায় থাকা অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে গেছে। বিশেষ করে গত জুনে স্থায়ী সমাধানের পথনকশা নিয়ে হওয়া একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতির আর অগ্রগতি হয়নি।

ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের দেওয়া দাবিগুলো মেনে নিলে আগামী দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে প্রণালীতে আরোপ করা অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।