যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। মাস্কের প্রতিষ্ঠানের একটি দল মনে করে, স্টারলিংকের এই দুটি অননুমোদিত ব্যবহার মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে সম্পর্কিত।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ব্যবহার করেছে। এ সংস্করণের নাম ‘স্টারশিল্ড’। তবে এ জন্য তারা তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করেছে। প্যাকেজটি মূলত স্থল অভিযানের জন্য তৈরি। মাস্ককে এসব তথ্য জানানো হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন এ বিষয়ে অবগত একজন ব্যক্তি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর– পেন্টাগন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো প্রতিবেদনটি সম্পর্কে তারা অবগত নয়।
ইউক্রেন ও ইরানে চলমান যুদ্ধের মধ্যে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার, এর ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই। তবে মাস্ক এর আগে বলেছেন, দেশটিতে এই সেবা চালু রয়েছে। ইরানে অস্থিরতার বিভিন্ন সময়ে দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে ইরানজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায় বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।