পাকিস্তানে পুলিশের ওপর হামলায় নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর হামলায় অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চলাকালে অপরাধীদের সংশ্লিষ্ট একটি চক্র হামলা চালায় বলে জানিয়েছে প্রাদেশিক গভর্নরের দপ্তর। 

নিহতদের মধ্যে পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে। 

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে পাকিস্তানি তালেবান হামলা চালাচ্ছে।