বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী মেগান মার্কেল। মঙ্গলবার তাকে প্রকাশ্যে দেখা গেছে।
স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে বেলজিয়ামের ব্রাসেলস সফরে গিয়ে অনেকটাই নীরব ও আড়ালে থাকার চেষ্টা করেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয় এসব তথ্য্য।
অনলাইনে শিশুদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে ইউরোপীয় পার্লামেন্টে পৌঁছালে ফটোগ্রাফারদের একটি দল মেগানকে স্বাগত জানায়।
মেগানের বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে সাংবাদিকেরা প্রশ্ন করলেও মেগান কোনো জবাব দেননি।
অনুষ্ঠানে মেগান ও হ্যারির একসঙ্গে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে উদ্বোধনী পর্বে শুধু বক্তব্য দেন হ্যারি। অনলাইনে নির্যাতন ও শোষণের শিকার হয়ে প্রাণ হারানো ৫০ শিশুর স্মরণে নির্মিত একটি বিশেষ স্থাপনা উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘লস্ট স্ক্রিন মেমোরিয়াল’।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ-কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বাবার গ্রেপ্তারের পর মেগান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে এই মুহূর্তে তার পক্ষে জনসমক্ষে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার সকালে অনুষ্ঠানে পৌঁছে অবশ্য দুজনকেই বেশ শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল। মেগানের পরনে ছিল কালো পোশাক। বুকে লাগানো ছিল ছোট একটি পপি ফুলের প্রতীক। যুদ্ধে প্রাণ হারানো সেনাদের স্মরণে এই প্রতীক ব্যবহার করা হয়।
এ সময় তিনি হ্যারির হাত শক্ত করে ধরে ছিলেন। হ্যারির পরনে ছিল গাঢ় নীল রঙের আনুষ্ঠানিক পোশাক, সঙ্গে পপি প্রতীক ও গাঢ় রঙের টাই। যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর যুক্তরাজ্যে ফিরে আসার পর বিদেশে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এই প্রথম একসঙ্গে দেখা গেল মেগান ও হ্যারিকে।


