কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শেফালী বর্মন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ ঘটনা হয়।
নিহত শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।
নিহতের ভাই নিরাস চন্দ্র সরকার জানান, স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়িতে একটি টিনের ঘরে একাই বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি একাই থাকতেন। বুধবার রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড় থামার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ‘শেফালী বর্মনের মৃত্যুর খবর পেয়ে তাদের খোঁজ খবর নেওয়া হয়েছে। তিনি একা যে ঘরটিতে থাকতেন সে ঘরের উপরই গাছ ভেঙে পড়ে। টিন আর আসবাবপত্রের চাপায় তার মৃত্যু হয়েছে।’



