হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী তেলবাহী ট্রেনের পাঁচটি অয়েল ট্যাংকার ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম তথা সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা হয়। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অয়েল ট্যাংকার ওয়াগন উদ্ধার কার্যক্রম শেষ হয়নি। প্রায় ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুর নাগাদ তা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট অভিমুখী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পর একটি ব্রিজের কাছে পাঁচটি অয়েল ট্যাংকার ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর দুটি ওয়াগন থেকে তেল বের হতে শুরু করলে স্থানীয়রা তা সংগ্রহ করতে থাকেন। এতে ঘটনাস্থলে ভিড়ের সৃষ্টি হয়। পরে বিজিবি গিয়ে ওয়াগন থেকে তেল পড়া তেল সংগ্রহ করে। রেল উদ্ধারের কাজে সহায়তা করে। রাত ২টা ১০ আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসে। তারপর থেকে ওয়াগন উদ্ধারের কাজ চলমান। পাশাপাশি বিজিবি সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।
স্থানীয়রা জানায়, রেললাইনের পুরোনো ও জরাজীর্ণ স্লিপার, পাশাপাশি লাইনের নিচে পর্যাপ্ত মাটি ও পাথরের অভাবে এ দুর্ঘটনা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনা কবলিত স্থানে রেল লাইন ঠিক করতে দুপুর পর্যন্ত লাগতে পারে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



