ভোলার চরফ্যাশনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলো– ভাসানচর গ্রামের মো. রাসেল মিয়ার ছয় বছর বয়সী ছেলে মো. বায়েজিদ ও চার বছর বয়সী কন্যা মারিয়া সুলতানা।
শিশুদের মামা ফয়েজ উল্লাহ বলেন, ‘বেলা ১২ টার দিকে বায়েজিদ ও মারিয়া বাড়ির পুকুরের পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তাঁরা দুজন পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মা পুকুরে গিয়ে দেখতে পায় মারিয়ার জুতা পানিতে ভাসছে। পরে সে পুকুরে নেমে তাদেরকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তার মায়ের পায়ের সাথে লেগে প্রথমে বায়েজিদের মরদেহ ভেসে ওঠে। এর কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে ওঠে মারিয়ার মরদেহ’।
এদিকে আদরের সন্তান দুটিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার। এছাড়া গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শশীভুষণ থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



