ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের মানিকা বাজারে এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ভোলা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।
নিহতরা হলো– ফারুক, রিয়াজ ও আজমীরি আমরিন।
দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।
ভোলা জেলার পুলিশ সুপার শহিদুল্লা কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’



