রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে পুকুরে গোসল করতে গিয়ে মো কাজল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মানিকছড়ির একটি মাদ্রাসার পুকুরে আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাজল আজ দুপুর ১২টার দিকে গোসল করতে মাদ্রাসার পুকুরে নামে। পুকুরে গোসল করতে গিয়ে আর উঠে আসেনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে পরিবার ও এলাকার মানুষ তাঁকে খুঁজতে পুকুরে জাল ফেলে উদ্ধার করে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ মো. আলমগীর জানান, কাজল নামের এক যুবক মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে সবাই মিলে পুকুরে জাল ফেলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


