পূর্ণতা পেয়েছে মেট্রোরেল। যাত্রী নিয়ে ছুটে চলেছে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল। এ পথে ২০ কিলোমিটার দূরত্ব মাত্র ৩৮ মিনিটে পার হচ্ছেন যাত্রীরা। ফলে, কর্মব্যস্ত নগরবাসীর কাজে এসেছে গতি, বেঁচে যাচ্ছে গুরুত্বর্পণূ কর্মঘণ্টা, দৈনন্দিন জীবনে এসেছে স্বস্তি।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর পর দিনে গড়ে প্রায় ১ লাখ যাত্রী যাতায়াত করেছেন। ছুটির দিনে যা বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজারে। তবে এ পর্যন্ত কত টাকা আয় হয়েছে তা অডিট ছাড়া বলা সম্ভব না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
কর্মদিবসে মূলত অফিস যাত্রীদের ভিড় থাকলেও সাপ্তাহিক ছুটির দিন, শুক্র-শনিবারে মেট্রোরেল থাকে বিনোদন প্রেমীদের দখলে। এদিকে, দিনের দ্বিতীয় ভাগেও মতিঝিল থেকে ট্রেন চালানোর দাবি যাত্রীদের।
যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলছেন, সড়ক পরিবহন সেবায় নৈরাজ্যের কারণে যাত্রী বাড়ছে মেট্রোতে। ভোর থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানো হলে যাত্রী আরও বাড়বে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, ছুটির দিনে যাত্রীর সংখ্যা বেশি হয়। শুক্র ও শনিবার মেট্রোতে চড়েন গড়ে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার যাত্রী।
এদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ চালু হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার ও প্রতিদিন পৌনে ৭ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে মেট্রোরেলে।
গত ৪ নভেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন তিনি। এর ফলে ঢাকা সিটির মতো যানজটের শহরে ২০.১ কিলোমিটার পথ উড়াল সড়কে পাড়ি দেওয়া যাচ্ছে মাত্র ৩২ মিনিটে।
প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে। আগারগাঁও-মতিঝিল রুটে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল-এ মেট্রোরেল স্টপেজ থাকছে। প্রতি ১০ মিনিটে একটি ট্রেন পাওয়া যাচ্ছে।
এমআরটি লাইন ৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা-মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হচ্ছে।
ভাড়ার চার্ট অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দুটি স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়ার পর প্রতি স্টেশনে যাত্রায় ১০ টাকা করে যোগ হবে।


শিক্ষার্থী–পেশাজীবীদের জন্য বুধবার থেকে বিশেষ মেট্রোরেল 
