টাঙ্গাইলের বাসাইলে একটি কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে প্রাইভেট কারে থাকা আরও দুজন আহত হন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
উপজেলার ধুল্যা এলাকার নাহিয়ান পাম্পের সামনে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, রাতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পোঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার ওভারটেকের চেষ্টা করে। এ সময় প্রাইভেট কারটি কাভার্ড ভ্যানের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুজন নিহত হন। এতে আরও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



