মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার গভীর রাতে উপজেলার চর কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার শায়েস্তা ইউনিয়নের নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ও দুই সন্তানের জনক।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চর কানাইনহর গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেন নিলকেটসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করতেন। সাদ্দাম হোসেন এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করেন। এ নিয়ে সাদ্দাম হোসেন ও মিরাজ হোসেনের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাত ১২টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নেন মিরাজ হোসেন ও তার লোকজন। পার্শ্ববর্তী চর কানাইনগরে কথাকাটাকাটির এক পর্যায়ে ১০/১২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলেও সিঙ্গাইর থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



