কিশোরগঞ্জের তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে এ ঘটনা ঘটে।
নিহত এনায়েত উল্লাহ (২৪) উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত লিটন মিয়া (৪২) একই এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘আজ সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পাশ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে মাছ ধরতে যায়। বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে এনায়েত উল্লাহ গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত লিটন মিয়া সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’



