মানিকগঞ্জের সিঙ্গাইরে অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে খুন হয়েছেন রুবেল মিয়া (৩৫) নামের এক যুবক। নিহতের লাশ উদ্ধারের ৪ ঘণ্টার মাথায় এই খুনের রহস্য উদঘাটন করে ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
গতকাল শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার বিজয় মিয়া (১৯) এবং শ্রাবনী আক্তার (১৮)।
র্যাব জানায়, সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার বিজয় মিয়া (১৯) এবং শ্রাবনী আক্তার (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতিবেশি চাচা রুবেল মিয়া বিজয় মিয়ার মুঠোফোন জব্দ করে। এসময় মোবাইলে তাদের দুজনের ব্যক্তিগত ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেয় এবং বিজয়কে প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে বলে। অন্যথায় বিজয় এবং শ্রাবনীকে দেখে নেওয়ারও হুমকি দেয়। এরপর থেকেই শ্রাবনী আক্তারকে ব্যক্তিগত ছবি প্রচারের ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন রুবেল মিয়া।
প্রস্তাবে রাজি না হলে ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে একাধিকবার জানানো হয়। বিষয়গুলো শ্রাবনী প্রেমিক বিজয়কে জানালে ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার পরিকল্পনা করে বিজয় ও শ্রাবনী। পরিকল্পনার অংশ হিসাবে গত বুধবার (৬ নভেম্বর) মধ্যরাতে ফোর্ডনগর এলাকার ‘আক্তার ডেইরী ফার্ম’ সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলে। রুবেল মিয়া সেখানে আসলে আগে থেকে ওৎ পেতে থাকা প্রেমিক বিজয় পেছন থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে কাপড় কাটার কাঁচি দিয়ে গলা ও মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাম বিজয় এবং শ্রাবনী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে। আসামিদের স্থানীয় থানার হস্তান্তর করা হয়েছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।’



