মুন্সিগঞ্জে নৌকা বাইচ দেখতে গিয়ে ইছামতী নদীতে পড়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর রিফাত সুজন (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজদিখান উপজেলার তেঘুরিয়া শ্মশানঘাট এলাকার ইছামতী নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সুজন উপজেলার রাজানগর গ্রামের মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে ইছামতী নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি এ দল তাকে উদ্ধারে কাজ শুরু করে। দুই দফায় উদ্ধার কাজ শেষে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে সুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে শুক্রবার ভোর থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। পরে দুদফা চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের অদূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


