ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫টি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর করে মালামাল লুট করা হয়।
এলাকাবাসী বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলার গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সম্প্রতি এই বিরোধের জেরে উভয় নেতার সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জাহিদ ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর তারা উভয় নেতাই বিএনপিতে যোগ দিয়ে গট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন।
এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে একপক্ষ আরেক পক্ষের সমর্থকদের ওপর হামলা পাল্টা হামলা চালিয়ে আসছে।
এরই জেরে শনিবার সকালে উভয়পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সময় পর বেলা ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



