টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের শ্রমিকদের বিরুদ্ধে। এ ছাড়া ওই বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ। সোমবার দিবাগত রাতে বাসাইলের গোসাখালি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বাসাইলের গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতরাতে তার বাড়িতে উত্তরাঞ্চল থেকে শ্রমিকেরা এসেছিল। রাতে ঠান্ডুর পেট ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। পরে সকালে তারা ঘুম থেকে না উঠায় আশেপাশের লোক ডাকাডাকির একপর্যায়ে ঘরে গিয়ে দেখেন তারা পড়ে আছেন। ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে ছিল।’
ওসি আরও বলেন, ‘স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’



