গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় যানবাহন নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় ওই গাড়িতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার কংশুরে এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া নছিমনটি কংশুর মসজিদ এলাকার মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যার।
এ ঘটনায় আহত নসিমনে থাকা দুইজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



