প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ ও এরই মধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। পরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের আশ্বাসে পানি পান করিয়ে অনশন ভাঙেন আন্দোলনকারীরা।
আজ মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১টার দিকে সংসদ সদস্যের আশ্বাসে অনশন ভাঙেন আন্দোলনকারীরা।
গণ-অনশনে অংশ নেওয়া সংগঠনটির আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল বলেন, প্রিপেইড মিটার গ্রাহকদের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। স্ল্যাবের নামে গ্রাহকদের কাছ থেকে দুই থেকে পাঁচ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। প্রিপেইড মিটার বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম বলেন, পাড়া-মহল্লায় প্রিপেইড মিটার স্থাপনের জন্য এলে তা প্রতিহত করা হবে। এরই মধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহার করে আগের মিটার বহাল রাখার দাবি জানাচ্ছি।
এদিকে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম গণ-অনশনস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রিপেইড মিটার নিয়ে তিনিও ভুক্তভোগী। আন্দোলনকারীদের দাবির বিষয়টি সরকারের কাছে ও জাতীয় সংসদে তুলে ধরব। চলতি সংসদ অধিবেশনেই বিষয়টি উত্থাপনের চেষ্টা করব।
পরে সংসদ সদস্যের আশ্বাসে পানি পান করিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙানো হয়।



