টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে।
রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি কয়েকদিন ধরে আনিসের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।
জানা গেছে, সকালে আনিসের নির্মাণাধীন দ্বিতলা ভবনে রডের কাজ করছিলেন রায়হান। এসময় একটি রড ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুত্ব আহত হন রায়হান। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


