গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোলায়মান মোল্লা ও তাঁর স্ত্রী অন্য একটি বাসে করে ঢাকা থেকে এসে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পার হয়ে মহাসড়কের অপর পাশে যাওয়ার সময় একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


