যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহান উদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজ উদ্দীনকে (৫৩) গ্রেপ্তার করেছেন ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে আটক করা হয়।
তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানার আব্দুল গনির ছেলে। তিনি বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি। তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন।
এই কর্মকর্তারা জানান, আগে থেকে তাঁদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাজ উদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় তিনি বিস্ফোরক মামলার একজন এজাহারভুক্ত আসামি। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাঁকে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ভোলার বোরহান উদ্দিন থানার সঙ্গে তাজ উদ্দিন গ্রেপ্তারের বিষয় জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাঁকে তাদের কাছে হস্তান্তর করা হবে।



