যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে ঢাকা নেওয়ার পথে রাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন–যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার শাওন (২৮) ও হামিদপুরের মিল্লাদ হোসেন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, শাওন ও মিল্লাদ মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে যশোরে ফিরছিলেন। পথে তারা নতুনহাট এলাকায় পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে উভয়কেই ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে মিল্লাদ নড়াইলে এবং শাওন কাশীয়ানীতে মারা যান।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান ওসি।



