কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক কারবার নিয়ে বিরোধের জেরে মোহন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এতে হৃদয় (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আসামি ধরতে গেলে প্রায় ৯ কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বন্ধুর অসুস্থ দাদাকে দেখে ফেরার সময় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত মোহন নিজেও এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারী। এই ঘটনায় হৃদয় নামের আরও একজন আহত হয়েছেন। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদন মোহনের ছেলে এবং আহত হৃদয় মন্ডল একই গ্রামের মসুর মন্ডলের ছেলে।
এই ঘটনার পর জড়িতদের ধরতে রাতেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। রাতেই তারা একযোগে জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি ও আশ্রয়ণ এলাকায় টানা অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নামক স্থান থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল নামের এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর হেফাজত থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় এলএসডি জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।
আজ শনিবার দুপুর ১২টার সময় ৪৭ বিজিবর অধিনায়ক মাহাবুব মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয়, মোহন ও জনি নামের তিন যুবক মোটরসাইকেলে করে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি একদল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাদের ওপর হামলায় চালায়। এ সময় তাদের রাম দা ও ধারাল অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হয় এবং জনি পালিয়ে যান।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান বিজিবি সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মোহন মারা যান। এর পরেই অভিযানে নামে বিজিবি সদস্যরা। এ সময় মাদকও জব্দ করেন তারা। পরে আটক সোহেল ও জব্দ করা মাদক দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



